☰
✕

সকালে খালি পেটে কোন চা পান স্বাস্থ্যের জন্য ভালো, জানালেন বিশেষজ্ঞ

০৮ নভেম্বর, ২০২৬

সকালে ঘুম থেকে উঠেই এক কাপ চা পান করার অভ্যাস অনেকেরই আছে। কেউ দুধ চা পছন্দ করেন, কেউ আবার গ্রিন টি কিংবা লেবু চা দিয়ে দিন শুরু করেন। তবে খালি পেটে চা পান করা স্বাস্থ্যের জন্য ভালো, নাকি এতে শরীরের ক্ষতি হতে পারে এ নিয়ে রয়েছে নানা মত। খবর ডেলিশ

পুষ্টিবিদদের মতে, বিষয়টি নির্ভর করে আপনি কোন ধরনের চা পান করছেন এবং আপনার শরীর সেটি কীভাবে গ্রহণ করছে তার ওপর।

যুক্তরাষ্ট্রের নিবন্ধিত পুষ্টিবিদ লরেন ম্যানেকারের মতে, খালি পেটে চা পান করলে কিছু উপকার পাওয়া যেতে পারে। তবে কিছু ক্ষেত্রে এটি অস্বস্তির কারণও হতে পারে।

বিশেষ করে চায়ের ধরন এবং ব্যক্তির হজমশক্তির ওপর এর প্রভাব ভিন্ন হয়।

গ্রিন টি ও ব্ল্যাক টি খালি পেটে কোনটি সেরা  

অনেকেই ওজন নিয়ন্ত্রণ কিংবা সুস্থ থাকার আশায় সকালে খালি পেটে গ্রিন টি পান করেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সবার জন্য এটি উপযুক্ত নয়। পুষ্টিবিদ লরেন ম্যানেকারের ব্যাখ্যা, খালি পেটে গ্রিন টি কিংবা ব্ল্যাক টি পান করলে কারও কারও বমিভাব বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে।

এসব চায়ে ক্যাফেইন থাকায় পেটে অস্বস্তিও তৈরি হতে পারে। তাই যাদের এ ধরনের সমস্যা রয়েছে, তারা হালকা কিছু খাওয়ার পর চা পান করতে পারেন।

এ ছাড়া গ্রিন টি ও ব্ল্যাক টিতে রয়েছে পলিফেনল নামের উপকারী উদ্ভিজ্জ উপাদান। এটি শরীরের জন্য নানা দিক থেকে উপকারী হলেও খাবার থেকে আয়রন শোষণে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে ডাল, শাকসবজি, বাদাম ও শস্যজাতীয় খাবারে থাকা নন-হিম আয়রন শোষণ কমিয়ে দিতে পারে এসব চা।

এমনকি মাংস, মাছ ও মুরগিতে থাকা হিম আয়রন শোষণেও কিছুটা প্রভাব ফেলতে পারে, যদিও তা তুলনামূলক কম। এ কারণে যাদের রক্তস্বল্পতা বা আয়রনের ঘাটতি রয়েছে, তাদের খাবারের সঙ্গে সঙ্গে চা পান না করাই ভালো। খাবারের অন্তত এক থেকে দুই ঘণ্টা আগে বা পরে চা পান করলে আয়রন শোষণের ওপর এর প্রভাব কমানো সম্ভব।

হারবাল চা 

ক্যামোমাইল ও আদা দিয়ে তৈরি হারবাল চা হজমের জন্য উপকার। পুষ্টিবিদ লরেন ম্যানেকারের মতে, ক্যামোমাইল ও আদা চা পেটের অস্বস্তি কমাতে এবং হজমপ্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সহায়তা করতে পারে। এ ধরনের চা সাধারণত তুলনামূলক কোমল হওয়ায় সকালে খালি পেটে পান করলেও অস্বস্তির আশঙ্কা কম। তবে আরেক পুষ্টিবিদ জেসিকা স্ট্রনের মতে, ক্যামোমাইল চা খালি পেটে পান করা ভালো হলেও আদা চা খাবারের সঙ্গে পান করলে বেশি উপকার পাওয়া যেতে পারে। কারণ আদা পাকস্থলী থেকে খাবার অন্ত্রে যাওয়ার প্রক্রিয়ায় প্রভাব ফেলে এবং হজমে সহায়তা করতে পারে।

অন্যদিকে, যাদের খাবার খাওয়ার পর রক্তচাপ বেড়ে যাওয়ার প্রবণতা রয়েছে, তাদের জন্য হিবিসকাস চা উপকারী হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই চা রক্তচাপ কমাতে সহায়তা করতে পারে। তবে রক্তচাপের ওষুধ গ্রহণ করলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটিকে চিকিৎসার বিকল্প হিসেবে নেয়া উচিত নয়। পুদিনা চা খালি পেটে কিংবা খাবারের পর দুই সময়ই পান করা যায়। তবে খাবারের পর পান করলে পেট ফাঁপা বা অস্বস্তি কমাতে সহায়ক হতে পারে।

ওলং, মরিঙ্গা ও কম্বু চা কখন পান করবেন

শুধু গ্রিন টি বা ব্ল্যাক টি নয়, অন্যান্য চায়ের ক্ষেত্রেও পান করার সময় গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, খাবারের সঙ্গে ওলং চা পান করলে ওজন নিয়ন্ত্রণ এবং অন্ত্রের উপকারী জীবাণুর ভারসাম্য বজায় রাখতে সহায়তা করতে পারে।

অন্যদিকে, মরিঙ্গা বা সজনে পাতার চা আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে গ্রহণ করলে আয়রন শোষণে সহায়ক হতে পারে। আর কম্বুচায় থাকা প্রোবায়োটিক ও প্রিবায়োটিক উপাদান অন্ত্রের স্বাস্থ্য এবং হজমপ্রক্রিয়ার জন্য উপকারী হতে পারে। এ কারণে খাবারের সঙ্গে বা পরে এটি পান করার পরামর্শ দেওয়া হয়।

তাহলে সকালে কোন চা পান করবেন

বিশেষজ্ঞদের মতে, সবার জন্য একই ধরনের চা কিংবা একই সময় নির্ধারণ করা ঠিক নয়। সকালে খালি পেটে চা পান করলে যদি বমিভাব, বুকজ্বালা বা পেটে অস্বস্তি হয়, তাহলে আগে হালকা কিছু খেয়ে নেয়া ভালো। যারা আয়রনের ঘাটতি বা রক্তস্বল্পতায় ভুগছেন, তাদের গ্রিন টি ও ব্ল্যাক টি খাবারের সঙ্গে পান করা এড়িয়ে চলা উচিত। অন্যদিকে, ক্যামোমাইল চা সকালে খালি পেটে পান করার ক্ষেত্রে তুলনামূলক ভালো বিকল্প হতে পারে। 

সব মিলিয়ে, চা পানের উপকারিতা পেতে শুধু চায়ের ধরন নয়, কখন পান করছেন সেটিও গুরুত্বপূর্ণ। নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে এবং প্রয়োজন অনুযায়ী চা পানের অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে ভালো।