আইসিসি থেকে সুখবর পেলেন মিরাজ

০৭ মে, ২০২৫

সাম্প্রতিক টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের পর আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে একঝাঁক বাংলাদেশি ক্রিকেটার উন্নতি করেছেন। তবে সবার মাঝে সবচেয়ে বড় সুখবরটা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ভারতের রবীন্দ্র জাদেজার এক নম্বর অবস্থান এখন মিরাজের কারণে হুমকির মুখে। নতুন র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে মিরাজ এখন রয়েছেন দুই নম্বরে, আর জাদেজার সঙ্গে ব্যবধান নেমে এসেছে ১০০ রেটিং পয়েন্টের নিচে।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্ট সিরিজে মিরাজ দুই টেস্টে করেছেন ১১৬ রান, সঙ্গে নিয়েছেন ১৫টি উইকেট। এর পুরস্কার হিসেবে তার ক্যারিয়ার-সেরা ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে এখন তিনি জাদেজার মাত্র ৭৩ পয়েন্ট পেছনে।

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের নায়ক ছিলেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার। ব্যাট হাতে ৭ নম্বরে নেমে করেন গুরুত্বপূর্ণ এক সেঞ্চুরি, এরপর বল হাতে তৃতীয় দিনে তুলে নেন পাঁচ উইকেট, যার ফলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এই পারফরম্যান্স শুধু অলরাউন্ডার তালিকাতেই নয়, ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও তাকে এগিয়ে দিয়েছে। ব্যাটসম্যানদের তালিকায় মিরাজ এখন ৮ ধাপ এগিয়ে ৫৫তম, যা তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির পুরস্কার।

টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় এখনো শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ জো রুট। এদিকে জিম্বাবুয়ের শন উইলিয়ামস দুই ধাপ এগিয়ে এখন ১৯ নম্বরে, আর বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম ১৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬০ নম্বরে।

বোলারদের তালিকাতেও মিরাজের উন্নতি হয়েছে, তিনি দুই ধাপ এগিয়ে এখন ২৪তম। তার সঙ্গে উন্নতি করেছেন বাংলাদেশের আরেক স্পিনার তাইজুল ইসলাম, যিনি সাত ধাপ এগিয়ে ১৬ নম্বরে, আর নাঈম হাসান ছয় ধাপ এগিয়ে এখন ৫৪তম স্থানে।

বোলারদের তালিকায় এখনো শীর্ষে রয়েছেন ভারতের পেসার জসপ্রীত বুমরাহ। এদিকে জিম্বাবুয়ের নতুন স্পিনার ভিনসেন্ট মাসেকেসা চমৎকার অভিষেকের পর টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রবেশ করেছেন, যদিও এখনো সেরা ১০০-র বাইরে রয়েছেন অল্প ব্যবধানে।