১৫ জুন, ২০২৫
রাজশাহীর চারঘাটে একটি হাফেজিয়া মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আসবাবপত্র, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৪ জুন) বেলা ৩টার দিকে উপজেলার পূর্ব মেরামতপুরের হাফেজিয়া সালাফিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শনিবার মাদরাসাটি ছুটি ছিল। সেজন্য সেখানে কোনো শিক্ষার্থী ছিলেন না। বেলা ৩টার দিকে হঠাৎ করেই মাদরাসার ভেতর আগুন দেখতে পান তারা। এ সময় ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু আগুনের তীব্রতা আরও বাড়তে থাকে। পুড়ে যায় অনেক কাগজপত্র। এরপর ফায়ার সার্ভিসকে তারা খবর দেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারণা।
চারঘাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে মাদরাসাটিতে থাকা, ফ্যান, লাইট, সৌরবিদ্যুৎ, আইপিএস, সিসি ক্যামেরা, মটোর, মাইক, মাদরাসার টিন ও টাকার দানবাক্সসহ নগদ প্রায় ৫০ হাজার টাকা পুড়ে গেছে। সর্বমোট প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মাদরাসাটির সভাপতি ইয়ামিন ও সাধারণ সম্পাদক আব্দুল সালাম।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে মাদরাসা পুড়েছে বলে সংবাদ পেয়েছি। তবে কোনো শিক্ষার্থী না থাকায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।