০৮ নভেম্বর, ২০২৫
সকালে দাঁত ব্রাশ করতে গেলেন। দাঁতের সঙ্গে ব্রাশ ছোঁয়াতেই ঘটল বিপত্তি। ব্রাশ রক্তে ভেজা। আসলে মাড়ি থেকে রক্ত ঝরার এই সমস্যায় ভোগেন অনেকেই। বিষয়টিকে হালকাভাবে নেন বেশিরভাগ মানুষ। কিন্তু মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যাটি কখনোই অবহেলা করা উচিত নয়। সঠিক সময়ে সতর্ক হওয়া প্রয়োজন।
রোজকার কিছু অভ্যাসে মাড়ি থেকে রক্ত পড়ে। আবার অনেকসময় এটি কোনো স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত হতে পারে। কেন মাড়ি থেকে রক্ত পড়ে জানুন তার কারণ-
ভিটামিনের অভাব
শরীরে ভিটামিন সি এবং ভিটামিন কে এর ঘাটতি হলে মাড়ি থেকে রক্ত ঝরার সমস্যা দেখা দিতে পারে।
জোরে দাঁত মাজা
অনেকেই খুব জোরে চেপে এবং ঘষে দাঁত ব্রাশ করেন। এই অভ্যাসের কারণেও মাড়ি থেকে রক্ত পড়তে পারে।
মাড়ির যত্নে ব্রাশ ব্যবহার
দাঁতের পাশাপাশি যত্ন নিতে হয় মাড়ির। তবে তা টুথব্রাশ দিয়ে নয়। এতে মাড়ি থেকে রক্ত ঝরার আশঙ্কা থাকে। মাড়ির যত্নে হাতের আঙুলের ব্যবহার করুন।
ডায়াবেটিস
ডায়াবেটিসের সমস্যা থাকলে, রক্ত সংক্রান্ত কোনো অসুবিধা (ব্লাড ডিসঅর্ডার) থাকলেও মাড়ি থেকে রক্ত ঝরতে পারে ব্রাশ করার সময়।
ব্যাকটেরিয়ার প্রভাব
ভালোভাবে মুখের ভেতরের অংশ পরিষ্কার না রাখলে মাড়িতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এই কারণেও রক্ত পড়তে পারে। ব্লাড থিনারের কাজ করে এমন ওষুধ খেলেও মাড়ি থেকে রক্ত ঝরতে পারে।
ওষুধের রিঅ্যাকশন
অনেকসময় কোনো ওষুধ টানা অনেকদিন খেলেও মাড়ি থেকে রক্ত পড়ার এই সমস্যা দেখা দিতে পারে। কোনো ওষুধ অল্পদিন খেলেও তার রিঅ্যাকশনে এই সমস্যা হতে পারে।
হরমোনের তারতম্য
আমাদের শরীরে বিভিন্ন পর্যায়ে হরমোনের ক্ষরণে তারতম্য, সমস্যা দেখা দিতে পারে। এ কারণেও মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা হতে পারে।
ব্রেস বা ক্লিপ
অনেকে দাঁতের সঠিক আকার-আকৃতি বজায় রাখার জন্য ব্রেস বা ক্লিপ ব্যবহার করেন। এগুলো সঠিকভাবে সেটিং না হলেও কিন্তু মাড়ি থেকে রক্ত পড়তে পারে খোঁচা লেগে। তাই এই ব্যাপারে সতর্ক থাকুন।
এছাড়া মাড়িতে ইনফেকশন হলে তা ফুলে যেতে পারে। ফলে তীব্র যন্ত্রণায় কষ্ট পেতে পারেন আপনি।