১৯ জানুয়ারী, ২০২৬
সিলেটে ট্রেনের ধাক্কায় খাদে পড়া হাতিকে ১৮ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রবিবার (১৮ জানুয়ারি) উদ্ধারের পর হাতিটিকে চিকিৎসা দেয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের বিশেষজ্ঞরা। পরে হাতিটি মালিকের কাছে হস্তান্তর করে বন বিভাগ।
স্থানীয়রা জানান, হাতিটি মৌলভীবাজারের কুলাউড়া থেকে সিলেটের একটি বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া আনা হয়েছিল। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা থেকে আসা আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাতিটি খাদে পড়ে যায়।
রবিবার দুপুরে ফায়ার সার্ভিসের একটি দল খাদ থেকে হাতিটিকে উদ্ধার করে। পরে খবর দেওয়া হলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে ছুটে যান।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ জানান, দুর্ঘটনার কারণে হাতিটির পেছনের দুই পা আঘাতপ্রাপ্ত হয়েছে। এছাড়া দীর্ঘক্ষণ খাদের কাদাজলে থাকায় হাতিটি নিস্তেজ হয়ে পড়ে।
তিনি আরো জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাতিটি নড়াচড়া করছে। আঘাতের কারণে হাতিটির পেছনের দুটি পা বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। পুরো সুস্থ হতে আরও অনেক সময় লাগবে।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান বলেন, হাতিটিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর এর মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।