৫০ লাখ টাকা চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধর, গ্রেফতার ১

২২ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রাম নগরীর খুলশীতে ৫০ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহমেদ কবির নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ভুক্তভোগী মোহাম্মদ সিরাজ বলেন, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জায়গা-জমি বিক্রির মধ্যস্থতা করি। এতে কমিশন হিসেবে টাকা পাই। প্রায় তিন-চার মাস আগে আহমেদ কবিরের সঙ্গে আমার পরিচয় হয়। ওই সময় থেকেই সে আমার কাছ থেকে টাকা দাবি করে আসছিলেন। সম্প্রতি আমার কাছে ৫০ লাখ টাকা দাবি করেন কবির।

তিনি আরও জানান, বুধবার রাতে বাজারে যাওয়ার জন্য বাসার নিচে নামলে কবিরের নেতৃত্বে আমাকে চার-পাঁচজন লোক বাসার নিচে আটকে চাঁদা দাবি করেন। একপর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজনের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। এ বিষয়ে খুলশী থানায় একটি মামলা দায়ের করেছি।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ কামাল বলেন, মোহাম্মদ সিরাজ নামের এক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করেছিলেন আহমেদ কবির। এ জন্য লোকজন নিয়ে সিরাজের বাসার নিচে গিয়ে সেখানে তার ওপর অতর্কিত হামলা করেন এবং একপর্যায়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আহমেদ কবির নিজেকে সাংবাদিকও পরিচয় দেন।

ওসি বলেন, মারধরের শিকার সিরাজ জায়গা-জমি বিক্রিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। চাঁদাবাজির মামলায় আহমেদ কবির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।