০৪ মার্চ, ২০২৬
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গর্তে থাকা শিয়ালকে ধরতে গিয়ে কামড়ে মনছুর আলী (৬০) নামের এক বৃদ্ধ আহত হয়েছেন। পরে এলাকাবাসী ও তার পরিবার আহত বৃদ্ধকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন।
মঙ্গলবার দুপুরের পর উপজেলার কাশিপুর ইনিয়নে বেড়াকুটি (চাঁদ দোলাটারী) গ্রামে দুর্ঘটনা ঘটে।
মনছুর আলী ওই এলাকার বাসিন্দা। তিনি প্রতিবেশী হবিবর রহমানের বাড়ির পাশে কৃষি জমির গর্তের ভেতরে শিয়ালের খোঁজ পান। পরে কোদাল নিয়ে ওই গর্ত খুঁড়ে শিয়াল ধরতে যান। সেখানে মাটি তোলার সময় আকস্মিকভাবে একটি বড় আকৃতির শিয়াল গর্ত থেকে বের হয়ে হবিবর রহমানকে আক্রমণ করে কামড় দিয়ে পালিয়ে যায়। এ সময় শেয়ালের কামড়ে তার বাম হাতে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা ডা. নরদেব চন্দ্র জানান, শিয়ালের কামড়ে আহত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা হলে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।