সালথায় বেহাল কাঁচা রাস্তার মাঝে খুঁটি পুঁতে প্রতিবাদ

০৭ মার্চ, ২০২৬

ফরিদপুরের সালথায় একটি বেহাল কাঁচা রাস্তার মাঝে খুঁটি পুতি রেখে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙারদিয়া গ্রামে প্রবেশের কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান গ্রামবাসী।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় প্রায় তিন কিলোমিটার ওই রাস্তাটি পড়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কাদা-মাটিতে একাকার হয়ে যায়। এতে যানবাহন চলাচল থাক দূরের কথা পায়ে হেঁটেও চলতে পারে না কেউ। ফলে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় শিক্ষার্থীরাসহ বাসিন্দারা। এমন অবস্থায় ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকালে গ্রামবাসী রাস্তার মাঝখানে খুঁটি পুঁতে প্রতীকী প্রতিবাদ জানান।

পাশাপাশি রাস্তাটি পাকা করণের জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

স্থানীয় বাসিন্দা মো. মজিবুর রহমান বলেন, এই রাস্তা দিয়ে আমাদের প্রতিদিন চলাচল করতে হয়। কিন্তু বৃষ্টি হলে রাস্তাটা একেবারে কাদার সাগরে পরিণত হয়। আমাদের মা-বোনদের চলাচল করতে খুব কষ্ট হয়।

অনেক সময় শিক্ষার্থীরাও স্কুলে যেতে পারে না।

আরেক বাসিন্দা শারমিন আক্তার বলেন, অসুস্থ রোগী নিয়ে এই রাস্তা দিয়ে হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। তাই দ্রুত রাস্তাটি মেরামত ও পাকা করণ করা খুবই জরুরি।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রাঙারদিয়া গ্রামের রাস্তাটির বিষয়ে আমরা অবগত ছিলাম না। তবে প্রতিবাদকারীরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে গুরুত্ব অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।