কালীগঞ্জে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

১৩ এপ্রিল, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে নিজেকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে তেল নেওয়ার চেষ্টা করা এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তার পরিচয় ভুয়া প্রমাণিত হলে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

সোমবার দুপুরে কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর সড়কের এস আর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি নিয়ম ভঙ্গ করে তেল নেওয়ার চেষ্টা করলে পাম্পের দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে বাধা দেন। এ সময় তিনি নিজেকে এনএসআই কর্মকর্তা দাবি করে উত্তেজিত আচরণ করেন। পরে তার আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করে থানা পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি একেক সময় একেক ধরনের পরিচয় দেন। তার কাছ থেকে এনএসআই পরিচয়পত্র, একটি জাতীয় পরিচয়পত্র এবং ন্যাশনাল প্রেস সোসাইটির সদস্য পরিচয়ের দাবি সংক্রান্ত তথ্য পাওয়া যায়। তবে যাচাই-বাছাইয়ে এনএসআই পরিচয়পত্রটি ভুয়া প্রমাণিত হয়।

পরে জেলা থেকে আসা এনএসআই কর্মকর্তারাও তার দাবির সত্যতা পাননি বলে নিশ্চিত করে। এ ঘটনায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।