সিলেটে ছিনতাইকারী চক্রের ১০ সদস্য আটক

০৩ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকালে আয়োজিত অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের টার্গেট করে নিয়েছিল ছিনতাইকারী চক্র। খবর পেয়ে শনিবার সিলেট স্টেডিয়ামের পাশ থেকে ৫ জন ও নগরের আম্বরখানাস্থ একটি হোটেল থেকে ওই চক্রের আরও ৫ সদস্যকে আটক করে র‌্যাব। তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ছোরা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রবিবার সংবাদ সম্মেলন করে র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী এ তথ্য জানান। 

গ্রেফতারকৃতরা হলো- নারায়ণগঞ্জ জেলা সদরের নন্দীপাড়ার রনি (২৪), একই এলাকার রাসেল (২৮), আবু বকর (২৪), জিহাদ হোসেন (২৮), সিয়াম হোসেন (২১), কাশিপুরের নুর ইসলাম (৪০), দেওভোগ ভ‚ইয়ারবাগের নাজমুল ইসলাম (২৬), বন্দর থানার চন্দিতলা কবরস্থানপট্টির শাহাজালাল বেপারি (২৯),  হবিগঞ্জের চুনারুঘাট থানার মারুরারচকের অপু (৩২) ও মৌলভীবাজারের কমলগঞ্জ থানার আদখানি গ্রামের আজিজুর রহমান (২৪)। 
র‌্যাব জানায়, প্রধানমন্ত্রীর সফরে আগতদের টার্গেট করে সিলেট জেলা স্টেডিয়ামের পাশে একদল ছিনতাইকারী অবস্থান নিয়েছে খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দৌঁড়ে পালানোর সময় ৫ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে নগরীর আম্বরখানাস্থ হোটেল সানরাইজের একটি কক্ষ থেকে আরও ৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬টি ছোরা, ব্লেড ও ছিনতাইকৃত দুটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ১০ জনের মধ্যে ৮ জনই নারায়ণগঞ্জের বাসিন্দা। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে টার্গেট করেই তারা সিলেট এসেছিল।