১৮ মে, ২০২৬
জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে জয়পুরহাটে শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য এই মেলা উপলক্ষে রবিবার বিকেলে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্সের আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন আয়োজিত এই প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া।
কনফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা, আবু নেছার, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকসহ প্রমুখ।
প্রেস কনফারেন্সে জানানো হয়, আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় আগত সেবাগ্রহীতাদের সুবিধার্থে বিভিন্ন স্টল ও বুথ স্থাপন করা হচ্ছে। এসব বুথের মাধ্যমে সরাসরি ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে।
ডিজিটাল ও স্মার্ট ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করে জনসাধারণের ভোগান্তি লাঘব করা এবং জনগণের দোরগোড়ায় দ্রুত ভূমি সেবা পৌঁছে দেওয়াই এই মেলার মূল লক্ষ্য বলে সভায় বক্তারা উল্লেখ করেন। কনফারেন্সে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।