বংশালে দুই সন্তানের জনক ব্যবসায়ীর আত্মহত্যা

১৮ মে, ২০২৬

পুরান ঢাকার বংশাল থানার নবাবপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে মো. কৌশিক আহমেদ (২৮) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। রোববার (১৭ মে) দুপুরে ব্যবসায়ীর নবাবপুরের বাসায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী কৌশিকের ছোট ভাই রিফাত জানান, রোববার দুপুর ২টার দিকে কৌশিক নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেন। পরে পরিবারের লোকজন দরজায় নক করলে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকাল ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিফাত বলেন, তাদের বাড়ি বংশাল রথখোলা রোডের ২৫৫/৩ নম্বর বাসায়। মৃত কৌশিক আহমেদ ছিলেন মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি নবাবপুর রোডে হার্ডওয়্যার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।  

পারিবারিক সূত্র জানায়, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে বংশাল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।