ভোলায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

১৯ মে, ২০২৬

ভোলা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. আকবর হোসেনের ছেলে মো. তাকরিম (১৬ মাস), আলীনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহাদাতের ছেলে আজমাইন (৪) ও ভেলুমিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. দুলালের মেয়ে তাসফিয়া (১৮ মাস)। 

নিহতদের স্বজনরা জানান, দুপুর ১২টা থেকে ২টার মধ্যে এসব শিশুরা পরিবারের সদস্যদের অগোচরে বসতঘর থেকে বেরিয়ে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে আশেপাশে খোঁজাখুঁজির করে তাদেরকে না পাওয়ার একপর্যায়ে ওই তিন শিশুই বসতঘরের পাশে থাকা পুকুরে ভেসে উঠে। এরপর একে একে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ওসি মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলোর সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করেছে, তবে শিশুদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি।