২০ মে, ২০২৬
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের হলরুমে এয়ার কন্ডিশনার (এসি) মেরামত করার সময় কম্প্রেসারের পাইপ বিস্ফোরণে তিনজন টেকনিশিয়ান দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন মো. মামুন (৩৮), মোহাম্মদ রুসুল (৩০) ও রতন চন্দ্র (৩২)।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুল মালেক জানান, তারা দুপুরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের হলরুমের এসি মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ এসির কম্প্রেসারের পাইপ বিস্ফোরণ ঘটলে তিনজন দগ্ধ হন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মো. মামুনের শরীরের ৩৫ শতাংশ, মোহাম্মদ রুসুলের ৬ শতাংশ এবং রতন চন্দ্রের ৭ শতাংশ পুড়ে গেছে।
তিনি জানান, বর্তমানে দগ্ধদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এদের মধ্যে ৩৫ শতাংশ দগ্ধ হওয়া মামুনের অবস্থা আশঙ্কাজনক।