০৪ জুলাই, ২০২৬
বগুড়া মহানগরের জলেশ্বরীতলা এলাকায় নিজ বাড়ি থেকে আনোয়ার হোসেন (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) রাত ৯টার দিকে বাড়ির দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার হোসেন জলেশ্বরীতলা এলাকার মৃত নুরুল হকের ছেলে। তিনি নিজ বাড়িতে একাই বসবাস করতেন।
তার এক ভাই সানোয়ার হোসেন ঢাকায় বসবাস করেন।
ময়নাতদন্ত শেষে শনিবার (৪ জুলাই) দুপুরে নিহতের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়। পরে তাদের উপস্থিতিতে বাড়ির দরজা ভেঙে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জামিলুর রহমান জানান, বৃদ্ধ আনোয়ার হোসেন নিঃসঙ্গ ছিলেন। তার স্ত্রী-সন্তান কেউ নেই। তিনি তার বাড়িতে একাকী বসবাস করতেন।
তার মৃত্যুর ঘটনায় বগুড়া সদর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।