কেরানীগঞ্জে ভেজাল সেমাই কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

২০ মে, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে নকল ও ভেজাল সেমাই উৎপাদনের দায়ে দুইটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে। একই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল সেমাই জব্দ করে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ (র‌্যাব-১০) সহযোগিতা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদ মৌসুমকে কেন্দ্র করে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও প্যাকেটজাত করে বাজারজাত করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে শাক্তা ইউনিয়নের হামজা ডার্মিসিলি সেমাই কারখানার ম্যানেজার মো. রুবেল এবং মালঞ্চ এলাকার মিতালী সেমাই কারখানার ম্যানেজার মো. মনির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে ও লাইসেন্সবিহীনভাবে পরিচালিত এসব কারখানা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।