১৭ জুন, ২০২৬
লিচু পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে যতই পুষ্টিগুণে ভরপুর হোক না কেন, খালি পেটে অতিরিক্ত লিচু খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে এর ঝুঁকি আরও বেশি। তাই লিচু খাওয়ার আগে কিছু বিষয় জানা জরুরি।
কেন খালি পেটে লিচু খাওয়া ঝুঁকিপূর্ণ
লিচুতে প্রাকৃতিকভাবে কিছু উপাদান থাকে, যেমন হাইপোগ্লাইসিন-এ এবং মেথিলিনসাইক্লোপ্রোপাইলগ্লাইসিন, যা শরীরে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। খালি পেটে বা দীর্ঘ সময় না খেয়ে থাকার পর অতিরিক্ত লিচু খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যেতে পারে।
রক্তে শর্করা কমে যাওয়ার ঝুঁকি
খালি পেটে অনেক লিচু খেলে কিছু মানুষের মধ্যে হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। এর ফলে মাথা ঘোরা, দুর্বল লাগা, অতিরিক্ত ঘাম হওয়া, বমি বমি ভাব, অস্বাভাবিক ক্লান্তি হতে পারে। গুরুতর ক্ষেত্রে খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।
শিশুদের ক্ষেত্রে বেশি সতর্কতা প্রয়োজন
বিশেষজ্ঞরা মনে করেন, অপুষ্টিতে ভোগা শিশু যদি রাতে না খেয়ে থাকে এবং সকালে খালি পেটে অনেক লিচু খায়, তাহলে রক্তে শর্করা বিপজ্জনকভাবে কমে যেতে পারে।
পেটের অস্বস্তি হতে পারে
খালি পেটে অতিরিক্ত লিচু খেলে কারও কারও ক্ষেত্রে পেট ব্যথা, গ্যাসের সমস্যা, অম্বল, ডায়রিয়াইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। বিশেষ করে যাদের হজমশক্তি দুর্বল, তাদের সতর্ক থাকা উচিত।
লিচু খাওয়ার সঠিক নিয়ম
খালি পেটে না খেয়ে খাবার খাওয়ার পর বা হালকা নাশতার সঙ্গে লিচু খান। একবারে অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে খান। শিশুদের ক্ষেত্রে বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে লিচু দিন। পচা বা অতিরিক্ত কাঁচা লিচু খাওয়া এড়িয়ে চলুন। ডায়াবেটিস রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমাণ নিয়ন্ত্রণ করে খাবেন।