১৮ জুন, ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধী মমিন মিয়া (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত মমিন উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চর বালুয়া গ্রামের বাক্প্রতিবন্ধী মতিয়ার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে মায়ের সঙ্গে বাঙালি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মমিন নিখোঁজ হয়। পরিবার সদস্য ও প্রতিবেশীরা নদীতে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিন্তু রাত হওয়ায় এবং ডুবুরি না থাকায় তারা পানিতে না নেমে চলে যায়। পরে বুধবার দুপুরে বাড়ির পাশেই নদীতে মমিনের মরদেহ ভাসতে দেখা যায়। পরে মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় স্থানীয়রা।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।