১৮ জুন, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় ওই নারীকে রক্ষা করতে গিয়ে তার নানি রেজিয়া বেগম (৬০) আহত হয়েছেন। অভিযুক্ত ব্যক্তির নাম মো. জামান (৪৫)।
বুধবার (১৭ জুন) দুপুরে পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রেজিয়া বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত জামান দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। বুধবার দুপুরে বাড়িতে একা থাকার সুযোগে সে ঘরে প্রবেশ করে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। ভুক্তভোগীর চিৎকার শুনে নানি রেজিয়া বেগম এগিয়ে গেলে অভিযুক্ত তাকে ধারালো চাকু দিয়ে আঘাত করে এবং মারধর করে পালিয়ে যায়।
পরে আহতদের উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সেই সঙ্গে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।