আমরা ছন্দহীন ও অগোছালো ছিলাম: মেসি

০৪ জুলাই, ২০২৬

ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬৪ নম্বরে থাকা কেপ ভার্দের বিপক্ষে জয় পেতে আর্জেন্টিনাকে যে এতো কাঠখড় পোড়াতে হবে, তা কে ভাবতে পেরেছিল! শনিবার (৪ জুলাই) ভোরে মায়ামিতে শেষ ৩২–এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো খেলায় ৩-২ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। শেষ ১৬–এর টিকিট নিশ্চিত করার পর নিজের দলের পারফরম্যান্সের কঠোর সমালোচনা করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কেপ ভার্দের বিপক্ষে কঠিন জয়ের পর তিনি স্বীকার করেন, দল প্রত্যাশামতো খেলতে পারেনি।

ম্যাচ শেষে মেসি বলেন, 'এই দল অনেক দিন ধরেই প্রমাণ করে আসছে যে তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবে। আজ আমরা সেট-পিস থেকে গোল করতে পেরেছি, যেটা সাম্প্রতিক সময়ে ঠিকমতো কাজে লাগাতে পারছিলাম না। এমন ম্যাচে সেট-পিস খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দলে ভালো হেডার আছে, আকাশে বল দখলে দক্ষ খেলোয়াড় আছে। আজ আমরা সেটার সুবিধা নিতে পেরেছি এবং ভবিষ্যতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা অনেক দিন ধরেই আক্রমণ ও রক্ষণ—দুই দিক থেকেই সেট-পিস নিয়ে কাজ করছি। এমন প্রতিযোগিতায় এগুলো খুবই গুরুত্বপূর্ণ।'

এরপর নিজের দলের দুর্বলতার কথাও তুলে ধরেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, 'আমরা ঠিকভাবে প্রেস করতে পারিনি। অনেক সময় আমাদের লাইনগুলোর মধ্যে দূরত্ব বেশি ছিল। ডিফেন্সিভ মিডফিল্ডারের কাছ থেকে প্রতিপক্ষের সেন্টার-ব্যাককে চাপে ফেলতে গেলে সেন্টার-ব্যাকদের অনেকটা পথ পাড়ি দিতে হচ্ছিল।'

মেসি আরও বলেন, 'আমরা ছন্দহীন ও অগোছালো ছিলাম। তারা সব সময় একজন অতিরিক্ত খেলোয়াড়ের সুবিধা পাচ্ছিল, কারণ আমরা তাদের সঙ্গে সমানভাবে ম্যাচ করতে পারিনি। তারা বল না রেখেও আমাদের দৌড় করিয়েছে, কারণ আমরা কার্যকরভাবে প্রেসিং করতে পারিনি।'

কেপ ভার্দের প্রশংসাও করেন মেসি। তিনি বলেন, 'আমরা জানতাম ম্যাচটি খুব কঠিন হবে। এই দল যে স্পেন ও উরুগুয়ের মতো দলগুলোর বিপক্ষে হারেনি, সেটার কারণ আছে। আমরা প্রথম গোল করে সবচেয়ে কঠিন কাজটি করেছিলাম। ভেবেছিলাম এরপর ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসবে। কিন্তু ঠিক উল্টোটা হয়েছে। আমরা বলের দখল হারিয়েছি, পিছিয়ে গেছি এবং ঠিকভাবে প্রেস করতে পারিনি।'

বিশ্বকাপের প্রতিদ্বন্দ্বিতার কঠিন বাস্তবতাও তুলে ধরেন তিনি।

মেসি বলেন, 'তারা শুরু থেকেই আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। আমরা জানতাম এটি কঠিন ম্যাচ হবে। এটি এমন একটি প্রতিযোগিতা, যেখানে কেউ কাউকে কোনো সুযোগ ছেড়ে দেয় না। নামের কারণে আমরা অনেক সময় দলগুলোর মর্যাদা বিচার করি, কিন্তু আমরা জানতাম কেপ ভার্দেকে হারানো মোটেও সহজ হবে না। এই বিশ্বকাপের বিশেষত্বই হলো, সব দলই খুব কাছাকাছি মানের। প্রতিটি ম্যাচই ভীষণ কঠিন। আজ আমরা বরাবরের মতোই সর্বোচ্চ চেষ্টা করেছি, ভালো খেলি বা খারাপ খেলি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, সামনে কী আসছে তা নিয়ে ভাবা, ভালো দিকগুলো ধরে রাখা এবং আজ যেসব ভুল করেছি, আমার মতে সংখ্যাটা অনেক ছিল; সেগুলো দ্রুত শুধরে নিতে হবে।'

আর্জেন্টিনার জয়ের নায়ক আবারও মেসি। এদিন প্রথম গোলটি করেন এই ৩৯ বছর বয়সী, যাতে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়াল ২০। এছাড়া লিসান্দ্রো মার্টিনেজের গোলে অ্যাসিস্ট করেন এবং শেষ গোলেও তার পাঠানো ক্রস থেকেই প্রতিপক্ষের আত্মঘাতী গোল আসে, যা আর্জেন্টিনার ৩-২ জয় নিশ্চিত করে।

লিওনেল স্ক্যালোনির অধীনে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা কঠিন পরীক্ষায় পড়লেও শেষ পর্যন্ত শেষ ষোলো নিশ্চিত করেছে। আগামী মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় তারা শেষ ষোলোতে মুখোমুখি হবে মিশরের।