০৪ জুলাই, ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বে মিশরের ঐতিহাসিক জয়টি ফিলিস্তিনের জনগণের উদ্দেশে উৎসর্গ করেছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। এই জয়ের পর আরব বিশ্বের বাকি দেশগুলোর মতো ফিলিস্তিনের মানুষও রাতভর উদযাপনে শামিল হন।
শুক্রবার ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর সতর্কতাপূর্ণ ম্যাচে অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় থাকার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নেয় মিসর।
অস্ট্রেলিয়ার হয়ে হ্যারি সাউতার এবং লুকাস হেরিংটন ১২ গজ থেকে শট মিস করলে হোসাম আবদেলমাগুইদ জয়সূচক স্পট-কিকটি সফলভাবে জালে পাঠান। এর ফলে মিসর শেষ ষোলোতে আর্জেন্টিনা অথবা কেপ ভার্দের মুখোমুখি হওয়ার যোগ্যতা অর্জন করে।
ম্যাচের ১৩তম মিনিটে ইমাম আশুরের হেড থেকে মিসর এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে মোহামেদ হানির আত্মঘাতী গোলে অস্ট্রেলিয়া সমতায় ফিরে আসে।
ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসান বলেন, আল্লাহ তাদের (ফিলিস্তিনিদের) বিজয় দান করুন, আল্লাহ তাদের শহীদদের প্রতি রহম করুন।
তিনি বলেন, আমি তাদের বলতে চাই: আমি এই বিজয় মিসরের জনগণ এবং ফিলিস্তিনের জনগণ—সেই দয়ালু ও সম্মানিত মানুষদের—উৎসর্গ করছি।
জয়ের পর হাসান মিসর ও ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে প্রবেশ করেন। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচেই মিসরের প্রথম জয়। জয় নিশ্চিত হওয়ার পর পুরো দল একসঙ্গে মাঠে সিজদায় লুটিয়ে পড়ে।