আর্জেন্টিনার গোল, যুক্তরাষ্ট্রে কাদের সঙ্গে বসে উল্লাস চঞ্চলের

০৯ জুলাই, ২০২৬

আর্জেন্টিনা ফুটবল দলের কড়া সমর্থক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সামাজিকমাধ্যমে ভাগ করে নেন দলটির প্রতিটি জয়ের অনুভূতি। গতকাল মঙ্গলবারের ম্যাচ (মিশর-আর্জেন্টিনা) তিনি উপভোগ করেছেন যুক্তরাষ্ট্রে বসে। প্রিয় ফুটবলার মেসির গোলে প্রাণ খুলে করেছেন উল্লাস। সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে সে ভিডিও। 

ওই ভিডিও থেকে জানা গেছে মিশর-আর্জেন্টিনার ম্যাচটি চঞ্চল উপভোগ করেছেন নিউইয়র্কের একটি রেস্টুরেন্টে বসে। সেখানে চঞ্চলের সঙ্গে আরও উল্লাস করতে দেখা গেছে চিত্রনায়ক অমিত হাসান এবং জনপ্রিয় উপন্যাসিক সাদাত হোসাইনকে।

ভিডিওর ক্যাপশনে লেখা, ‘আর্জেন্টিনার দ্বিতীয় গোলে চঞ্চল চৌধুরী, অমিত হাসান, সাদাত হোসাইনের বাঁধভাঙা উচ্ছ্বাস; নিউইয়র্কের আশা রেস্টুরেন্টে বড় পর্দায় বিশ্বকাপ।’ 

খেলা নিয়ে ফেসবুকে নিজের অনুভূতিও ভাগ করে নিয়েছেন অভিনেতা। লিখেছেন, ‘কারও পরাজয়ে উন্মাদের মত উল্লাস করতে হয় না, সমব‍্যাথী হতে হয়। অন্তত সেটা না পারলে শান্ত থাকতে হয় অথবা শান্ত্বনা দিতে হয়। ব্রাজিলের পরাজয়ে সত‍্যি আমি মর্মাহত হয়েছি….বিন্দুমাত্র উল্লাস করিনি।’ 

এরপর লেখেন, ‘আমরা সৌভাগ্যবান প্রজন্ম,কারণ একই সাথে অনেক লিজেন্ড ফুটবলারের খেলা দেখতে পেরেছি অনেকগুলো বিশ্বকাপে। আমরা হয়তো আর নেইমার,রোনালদো,এমবাপ্পে বা মেসির মতো আরও অনেক তারকা ফুটবলারকে হয়তো পরের বিশ্বকাপে পাবো না! কিন্তু যতদিন বেঁচে থাকব,এদের দৃষ্টি নন্দন খেলার যাদু আমাদের চোখে লেগে থাকবে,স্মৃতি হয়ে থাকবে।’ 

সবশেষে মেসির জন‍্য শুভ কামনা জানান। আর্জেন্টিনাকে জানান ভালোবাসা। খেলাটি উপভোগ করারও আহ্বান রাখেন নেটিজনদের প্রতি।