১১ জুলাই, ২০২৬
বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে আজ রাতে মাঠে নামছে স্পেন ও বেলজিয়াম। টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার পাশাপাশি ৬০৯ মিনিট গোল হজম করেনি স্পেন। অপরদিকে, গতিময় ফুটবলে স্প্যানিশ জাল খুঁজে পাওয়াই বেলজিয়ানদের বড় চ্যালেঞ্জ। বিশ্বমঞ্চে দু'দলের সবশেষ দেখা হয়েছিল ৩৬ বছর আগে। কোয়ার্টার ফাইনালের একবারের দেখায় জয় আছে বেলজিয়ামের। শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচ।
এই ম্যাচকে সংক্ষেপে বর্ণনা করলে দাঁড়ায়— একদিকে টিকিটাকার শৈল্পিকতা, অন্যদিকে গতিময় ও কাউন্টার-অ্যাটাকিং ফুটবল। প্রশ্ন উঠতেই পারে, স্পেনের অপরাজেয় দুর্গ ভাঙতে পারবে কি বেলজিয়াম?
সাম্প্রতিক পারফরম্যান্সে একের পর এক জয়ে স্প্যানিশ আর্মাডারা বর্তমানে রয়েছে দারুণ ছন্দে। নিজেদের ফুটবল ইতিহাসের দীর্ঘতম ৩৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছে লারোহারা। এবারের বিশ্বকাপে রক্ষণভাগে তারা গড়েছে অনন্য এক প্রাচীর। টানা ৬টি ক্লিনশিট, ৬০৯ মিনিট কোনো গোল হজম না করার বিশ্বরেকর্ড যখন উনাই সিমোনের দখলে, তখন স্পেনের জাল খুঁজে পাওয়া যেকোনো স্ট্রাইকারের জন্যই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
অপরদিকে, গোল্ডেন জেনারেশন পরবর্তী ট্রানজিশন পিরিয়ডে থাকলেও বেলজিয়াম এখনো যেকোনো বড় দলের জন্য আতঙ্ক। বিশেষ করে তাদের আক্রমণভাগের ক্ষিপ্রতা এবং দ্রুত কাউন্টার-অ্যাটাক করার ক্ষমতা প্রতিপক্ষের ডিফেন্সকে সবসময় চাপে রাখে। তবে এখন পর্যন্ত কোনো দল স্পেনের প্রাচীর ভাঙতে না পারা সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হবে বেলজিয়ানদের জন্য।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এর আগেও দেখা হয়েছে দুই দলের। ১৯৮৬ বিশ্বকাপে সেবার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে স্পেনকে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল বেলজিয়াম। যদিও এরপরের ১৯৯০ বিশ্বকাপে গ্রুপ পর্বে বেলজিয়ানদের ২-১ গোলে হারিয়েছিল স্প্যানিশরা। এরপর ৩৬ বছর বিশ্বমঞ্চে আর মুখোমুখি হয়নি দুই দল।
সাম্প্রতিক ফর্ম স্পেনের পক্ষে কথা বললেও, ছন্দ দেখিয়েই শেষ আটে এসেছে বেলজিয়াম। তবে দেখার অপেক্ষা এখন- উনাই সিমোনের ৬০৯ মিনিটের রেকর্ড কি আরও দীর্ঘ হবে, নাকি বেলজিয়ান রেড ডেভিলসদের গতিময় ফুটবল স্তব্ধ করে দেবে স্প্যানিশ আর্মাডাদের?