ওয়াশিং মেশিনের আয়ু বাড়াতে চান? এই ছোট কাজটি করুন

১১ জুলাই, ২০২৬

বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেড়ে যায়, যার ফলে আমাদের দৈনন্দিন ব্যবহারের বৈদ্যুতিক যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণে বাড়তি সতর্কতার প্রয়োজন হয়। ওয়াশিং মেশিনের ক্ষেত্রেও এই সময় বিশেষ সচেতন থাকা জরুরি। কাপড় ধোয়ার পর অনেকেই মেশিনের দরজা বা ঢাকনা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেন। কিন্তু বর্ষাকালে এই অভ্যাসটি মেশিনের জন্য ক্ষতিকর হতে পারে এবং কাপড় থেকে দুর্গন্ধ বের হওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে।

বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় মেশিন ব্যবহারের পর এর ভেতরের ড্রাম, রাবারের গ্যাসকেট এবং ডিটারজেন্ট ট্রেতে জমে থাকা আর্দ্রতা সহজে শুকোতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে এই জমে থাকা পানি ও আর্দ্রতার কারণে মেশিনের ভেতরে ছত্রাক এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে। এটি কেবল মেশিনের অভ্যন্তরীণ যন্ত্রাংশের দীর্ঘমেয়াদী ক্ষতিই করে না, বরং এই দুর্গন্ধ কাপড় ধোয়ার পরও কাপড়ে লেগে থাকে।

বিশেষ করে ফ্রন্ট-লোড ওয়াশিং মেশিনের রাবারের ডোর সিলের ভাঁজে কাপড় ধোয়ার পরও পানি জমে থাকে, যা ছত্রাক জন্মানোর আদর্শ স্থান। এই সমস্যা এড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিবার কাপড় ধোয়ার পর ওয়াশিং মেশিনের দরজা এবং ডিটারজেন্ট ট্রে সঙ্গে সঙ্গে বন্ধ না করে কিছুক্ষণ খোলা রাখা। এতে মেশিনের ভেতরের আর্দ্র বাতাস বাইরে বেরিয়ে যাওয়ার সুযোগ পায় এবং ড্রাম ও গ্যাসকেট দ্রুত শুকিয়ে যায়।

টপ-লোড ওয়াশিং মেশিন ব্যবহারকারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এছাড়া দরজা বন্ধ করার আগে রাবারের সিল বা ঢাকনার আশপাশের অংশ একটি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিলে আর্দ্রতা জমার ঝুঁকি অনেকটাই কমে যায়। ছোট এই অভ্যাসগুলো মেনে চললে বর্ষায় আপনার ওয়াশিং মেশিন থাকবে সতেজ ও দুর্গন্ধমুক্ত।