১৯ জুলাই, ২০২৬
রাজধানীর খিলগাঁওয়ে একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছয়তলা থেকে পড়ে মো. শামীম (২২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটের দিকে খিলগাঁও আনসার ক্যাম্পসংলগ্ন সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত শামীম ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। তিনি নির্মাণাধীন ভবনেই অবস্থান করে কাজ করতেন।
ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার রাকিবুল জানান, সকালে ভবনের ছয়তলায় ক্রেনের মাধ্যমে ইট-বালু ওপরে তোলার কাজ করছিলেন শামীম। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, কীভাবে শামীম নিচে পড়ে যান তা কেউ সরাসরি দেখতে পারেনি। নিচে অবস্থানরত শ্রমিকরাই প্রথম বিষয়টি বুঝতে পারেন। ময়নাতদন্ত শেষে প্রতিষ্ঠানের খরচে মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এছাড়া পরিবারের সঙ্গে আলোচনা করে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
তবে নিহত শ্রমিক কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করতেন—এ প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানের ম্যানেজার কোম্পানির নাম প্রকাশ করতে রাজি হননি।
খিলগাঁও থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।