মুন্সিগঞ্জে কনস্ট্রাকশন সাইটে ডাকাতি: গ্রেফতার ১৯, মালামাল উদ্ধার

২০ জুলাই, ২০২৬

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি কনস্ট্রাকশন সাইটে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুট হওয়া নির্মাণসামগ্রীর বড় একটি অংশ।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

পুলিশ সুপার বলেন, গত ১১ জুলাই দিবাগত রাত দুইটার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন দি জিয়া অ্যান্ড ব্রাদার্স নামের একটি কনস্ট্রাকশন সাইটে ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনার রাতে প্রথমে তিন থেকে চারজন সশস্ত্র ব্যক্তি সাইটে ঢুকে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করেন। পরে তাঁদের হাত-পা ও চোখ বেঁধে একটি কনটেইনার কক্ষে আটকে রাখা হয়। এরপর ট্রাকে করে সাইট থেকে বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ৪০ থেকে ৫০ লাখ টাকা।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক শনাক্ত করে গজারিয়া থানা-পুলিশ। পরে ঢাকা ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাক দুটি জব্দ করা হয়। একই সঙ্গে ট্রাকের চালক, মালিকের সহযোগী এবং ডাকাত দলের সদস্যসহ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্র স্থানীয় কয়েকজনের সহযোগিতায় ডাকাতির পরিকল্পনা করে। ঘটনার রাতে ঢাকার তেজগাঁও থেকে একটি দল গজারিয়ায় আসে। পরে স্থানীয় সহযোগীদের নিয়ে তারা কনস্ট্রাকশন সাইটে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে একাধিক ট্রাকে নির্মাণসামগ্রী তুলে নিয়ে যায়।

পুলিশ সুপার জানান, তদন্তে এখন পর্যন্ত ২৩ থেকে ২৪ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পলাতকদের গ্রেপ্তার এবং লুট হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান চলছে।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ট্রাক, সাড়ে পাঁচ টন লোহাজাতীয় মালামাল, ওয়েল্ডিং মেশিন, মোটর, হাইড্রোলিক যন্ত্রপাতি, ব্যাটারি, ফ্যান, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও অন্যান্য নির্মাণসামগ্রী।