০১ আগস্ট, ২০২৬
হবিগঞ্জের চুনারুঘাটে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার রামগঙ্গা চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (১ আগস্ট) দুপুরে র্যাব-৯–এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বেগমখান চা-বাগানের মহাদেব বাকতির ছেলে শংকর বাকতি (৩৬) ও মৃত পুরেন্দু বাকতির ছেলে দয়ামত বাকতি (৪০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ সিপিসি-৩–এর একটি টহল দল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রামগঙ্গা চা-বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় চারটি বস্তার ভেতর থাকা ১০টি কার্টন থেকে মোট ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের চুনারুঘাট থানা-পুলিশের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে র্যাব।