চট্টগ্রামে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

১১ আগস্ট, ২০২৬

 

চট্টগ্রামে কর্ণফুলী নদীর পিডিবি ঘাট সংলগ্ন এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় জান্নাতুল ফেরদৌস (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  

গতকাল সোমবার রাতে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। জুতা, কানের দুল, পোশাক ও চেহারা দেখে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করা হয়।  

নিহত জান্নাতুল ফেরদৌসের বাবার নাম নুরুল ইসলাম।

তাদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায়। তিনি নগরের চান্দগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে একটি জুতার কারখানায় কাজ করতেন।

এ ঘটনায় জান্নাতুলের পরিবারের পক্ষ থেকে সদরঘাট নৌ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার পর হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।  

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ আগস্ট পিডিবি ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্তে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তথ্য প্রচার করে পুলিশ। এরপর গত সোমবার রাতে পরিবারের সদস্যরা সদরঘাট নৌ থানায় এসে মরদেহের জুতা, কানের দুল, পোশাক ও চেহারা দেখে সেটি জান্নাতুল ফেরদৌসের বলে শনাক্ত করেন।

পুলিশ জানায়, চাকরির সুবাদে পরিবারের অমতে দ্বিতীয় বিয়ে করেছিলেন জান্নাতুল। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারলেও তারা ওই বিয়ে মেনে নেয়নি। এদিকে দ্বিতীয় স্বামীর সঙ্গেও দীর্ঘদিন ধরে জান্নাতুলের ঝগড়া-বিবাদ চলছিল।

পুলিশের ধারণা, পূর্বপরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে কর্ণফুলী নদীর তীরে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

সদরঘাট নৌ থানার ওসি আবদুর রউফ বলেন, ঘটনাটির একটি হত্যা মামলা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। আসামিদের গ্রেফতারের পর তাদের পরিচয় প্রকাশ করা হবে