ফরিদপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

২৫ আগস্ট, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সালাউদ্দিন মোল্লা (২০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের তাড়াইল পেট্রোল পাম্পের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন মোল্লা ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের কুমারদিয়া গ্রামের আদম মোল্লার ছেলে। আহতরা হলেন একই গ্রামের সাব্বির শেখ (১৮) ও তামিম হোসেন (২৮)।

শিবচর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নগরকান্দা থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন সালাউদ্দিন। এ সময় তার সঙ্গে ছিলেন দুই বন্ধু সাব্বির ও তামিম। মোটরসাইকেলটি তাড়াইল পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে পেছন দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়।

এতে তিনজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই সালাউদ্দিনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত সাব্বির ও তামিমকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত সালাউদ্দিনের মামা আব্দুর রহমান বলেন, সোমবার বিকেল তিনটার দিকে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন সালাউদ্দিন। সন্ধ্যার দিকে তার মৃত্যুর খবর পান তারা।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো. মামুনুর রশিদ বলেন, অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।