বাজিতপুরে কৃষি কলেজ স্থাপনের দাবি এমপি ইকবালের

২৮ আগস্ট, ২০২৬

কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল তার নির্বাচনী এলাকার বাজিতপুরে একটি কৃষি কলেজ স্থাপনের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়ে তিনি এই দাবি উত্থাপন করেন।

শেখ মুজিবুর রহমান ইকবাল ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের একটি প্রস্তাবের সাথে একাত্মতা প্রকাশ করেন।

তিনি বলেন, 'আমি ব্রাহ্মণবাড়ীয়া-৫ আসনের আব্দুল মান্নানের প্রস্তাবের সাথে আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ ৫-এ বাজিতপুরে একটি কৃষি কলেজ স্থাপনের লক্ষ্যে উনার প্রস্তাবের সাথে এই শব্দটি সংযুক্ত করা হোক। বাজিতপুর একটি কৃষি নির্ভর এলাকা। ওখানে রাস্তাঘাট নাই, কৃষি যন্ত্রপাতি সম্বন্ধে আমাদের এলাকার কৃষকরা কিছুই জানেন না। উপরে আসমান নিচে মাটি, কাঁধে জোয়াল হাতে কোদাল—এছাড়া তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই।'

তিনি আরও বলেন,‌' এখানে প্রচুর পরিমাণ শাক সবজি, ধান, পাট সবকিছু আবাদ হয়। যদি একটি কৃষি কলেজ হয়, আমাদের কৃষক সন্তানরা, ছেলেরা যদি কৃষিতে শিক্ষিত হয়, তাহলে আবাদ বাড়বে, দেশের উন্নতি হবে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। অতএব জরুরি ভিত্তিতে এই আব্দুল মান্নানের প্রস্তাবের সাথে আমি একাত্মতা পোষণ করে আমার এলাকায় একটি কৃষি কলেজ নির্মাণের জন্য অনুরোধ জানাচ্ছি।'