রোহিঙ্গা নেতা হত্যাকাণ্ড : সন্দেহভাজন আটক ১

০১ অক্টোবর, ২০২১

কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটলিয়ন, এপিবিএন।

শুক্রবার সকালে কুতুপালং ক্যাম্প থেকে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন এপিবিএন ১৪-এর কমান্ডিং অফিসার পুলিশ সুপার নাইমুল হক ।

নাইমুল হক বলেন, ‘সকাল ১১টার দিকে ক্যাম্পের ভেতর থেকে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। এরপর তাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় বৃহস্পতিবার তার পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজুর মোর্শেদ জানান অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নিহত মুহিবুল্লাহর ভাই হাবিবুল্লাহ মামলাটি দায়ের করেছেন।