০৫ জানুয়ারী, ২০২২
নিউজিল্যান্ডের কন্ডিশন, উপমহাদেশের বড় বড় দলগুলো যেখানে নাকানি-চুবানি খায়। সেখানে ইতিহাস গড়ে জিতলো বাংলার দামাল ছেলেরা। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয়ের রেকর্ড গড়ল টাইগাররা। মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে খেলে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এটি নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথম জয় টাইগারদের।
এমন ইতিহাস গড়া কীর্তির নায়ক পেসার এবাদত হোসেন চৌধুরী। ২১ ওভারে ৬ মেডেনে ৪৬ রানের খরচায় ৬ উইকেট নিয়েছেন তিনি।
নিউজিল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে আউট করার পর জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৪০ রান। ২ উইকেট হারিয়ে তা করে ফেলে তারা।
মাউন্ট মাঙ্গানুয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে শুরুটা ভালো করেনি বাংলাদেশ। শুরুতেই ৩ রান করে সাউদির বলে কিপার ব্লান্টেনের গ্লাভসবন্দি হন ওপেনার সাদমান।
এরপর ওপেনার নাজমুল হোসেন শান্তকে সঙ্গ দিতে নামেন অধিনায়ক মুমিনুল। ১৪.২ ওভারে আউট হয়ে যান শান্ত। কাইল জেমিসনের ডেলিভারিতে প্রথম স্লিপে ক্যাচ তুলে দিলে তা অসাধারণভাবে লুফে নেন রস টেলর। তবে আর কোনো বিপর্যয় ঘটেনি।
৪১ বলে ৩ বাউন্ডারিতে ১৭ রানে সমাপ্তি ঘটে তার ইনিংসের। শান্তর আউটের পর মুশফিককে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন অধিনায়ক মুমিনুল।
৪৪ বলে ৩ বাউন্ডারিতে ১৩ রান করেন অধিনায়ক। ১৬.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
স্কোর
নিউজিল্যান্ড : ৩২৮ ও ১৬৯
বাংলাদেশে : ৪৫৮ ও ৪২/২