পশ্চিমাদের ভয় দেখাতে যা করছে রাশিয়া

১১ মে, ২০২২

সোমবার ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল ইউক্রেন সফরে যান। 

তিনি ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শামহালের সঙ্গে ওডেসাতে দেখা করেন। তারা সেখানে একটি বৈঠকে বসেছিলেন। কিন্তু বৈঠক চলার সময় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠলে তারা বৈঠকের মাঝপথেই ওঠে গিয়ে আশ্রয় নেন। 

পরবর্তীতে জানা যায় রুশ সেনারা সোমবার ওডেসায় মিসাইল হামলা চালিয়েছে।

তবে পশ্চিমা কোনো কূটনীতিক বা নেতা ইউক্রেনে যাওয়ার পর এবারই প্রথমবারের মতো এমন ঘটনা ঘটেছে তা নয়। 

গত এপ্রিলে যখন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কিয়েভে যান তখন সেখানে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। পরবর্তীতে গুতেরেস জানিয়েছিলেন, এ বিস্ফোরণে কেঁপে ওঠেছিলেন তিনি। 

মার্চে পোল্যান্ড থেকে ট্রেনে করে কিয়েভে এসেছিলেন তিন পশ্চিমা কূটনৈতিক। তাদের লক্ষ্য করেও হামলা চালানো হয়েছিল।

পোল্যান্ড, স্লোভেনিয়া এবং চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী যখন ইউক্রেন সফর করছিলেন তখন কিয়েভের পশ্চিম দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।

এদিকে কয়েকদিন আগে ইউক্রেনে অবস্থিত যুক্তরাজ্যের দূতবাসের রাষ্ট্রদূত মেলিন্ডা সিমন্স কিয়েভে ফিরেছেন। কিন্তু তিনি জানিয়েছেন, বর্তমানে তাকে অনেক বেশি নিরাপত্তা নিয়ে চলতে হচ্ছে।

রাশিয়া দুই সপ্তাহ আগে হুশিয়ারি দিয়েছে, কিয়েভে যেসব জায়গা থেকে ‘বিদেশী সিদ্ধান্ত’ আসে সেসব জায়গায়ও রাশিয়া প্রয়োজন মনে করলে হামলা চালাবে। 

তারা বুঝিয়েছে, কোনো উচ্চপদস্থ কূটনৈতিকও যদি থাকেন তাতেও তারা হামলা চালাতে কোনো দ্বিধা করবে না। 

সূত্র: বিবিসি