১২ নভেম্বর, ২০২৬
কৌশলগত সম্পদ মোতায়েন কার্যক্রম এগিয়ে রাখার লক্ষ্যে দেশের পূর্ব উপকূলে একটি নৌ-ঘাঁটির নির্মাণকাজ পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএন’র প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেছে।
এতে বলা হয়েছে, পরিদর্শনের সময় কিম সেখানে কৌশলগত সম্পদ মোতায়েনের বিষয়ে দিকনির্দেশনার পাশাপাশি নৌ-বন্দরের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে কমান্ড ও নির্মাণকারী বাহিনীকে আরও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন। অন্য একটি প্রতিবেদনে কেসিএনএ জানিয়েছে, একই দিনে কিম কাংওন প্রদেশের থংচন কাউন্টিতে নির্মিত ১,০০০টিরও বেশি নতুন আবাসিক ইউনিটও পরিদর্শন করেছেন। এটি একটি বিশাল নৌ-ঘাঁটির নির্মাণস্থলের কাছাকাছি অবস্থিত। তবে এটি সেই একই ঘাঁটি কি কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
কিমের নেতৃত্বে উত্তর কোরিয়া তাদের নৌবাহিনীকে আধুনিকীকরণের প্রচেষ্টা জোরদার করেছে। তিনি গুরুত্বপূর্ণ জলসীমায় ‘কৌশলগত সম্পদ’ সম্প্রসারণের দিকে বিশেষ মনোযোগ দিচ্ছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন ও সেপ্টেম্বর মাসে উত্তর কোরিয়ার ৫,০০০ টন ওজনের দুটি ডেস্ট্রয়ার ‘চোয়ে হিয়ন’ এবং ‘কাং কন’ নৌবহরে যুক্ত হয়েছে। সেপ্টেম্বরে কিম জানিয়েছিলেন, ‘কাং কন’ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক প্রতিক্রিয়া ব্যবস্থার অংশ হবে।
পিয়ংইয়ং জানিয়েছে, তারা ৮,৭০০ টন ওজনের একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনও তৈরি করছে। এর আগে সেপ্টেম্বরে কিম বলেছিলেন, পূর্ব উপকূলে নতুন নৌ-ঘাঁটি নির্মাণ করা হচ্ছে। তিনি আরও জানান, আগামী আট মাসের মধ্যে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অগ্রগতি উন্মোচন করা হবে।
সূত্র: রয়টার্স।