☰
✕

গাজায় ভয়াবহ বন্যার মধ্যেই ইসরায়েলি হামলা, নিহত ৫

১২ নভেম্বর, ২০২৬

ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় অবরুদ্ধ অবস্থার মধ্যে নতুন করে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েক জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) গাজা শহরের দক্ষিণে আল-সাবরা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ৩৮ বছর বয়সী মোহাম্মদ সালেম আল-দাশ নামে এক ব্যক্তি নিহত হন।

অন্যদিকে মধ্য গাজার আল-বুরেজ ক্যাম্পের পূর্বে গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন। এছাড়া গাজা শহরের উত্তর-পশ্চিমে আল-নাসর এলাকায় ড্রোন হামলায় আরেক ফিলিস্তিনি প্রাণ হারান। এছাড়া গাজা শহরের উত্তরে শেখ রাদওয়ান এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল একটি তাঁবুতে চালানো হামলায় অন্তত দুজন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

গাজা শহর থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক হিন্দ খোদারি জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে। তিনি বলেন, বেঁচে থাকার সাধারণ প্রচেষ্টায় লিপ্ত মানুষগুলো প্রাণ হারাচ্ছেন। একজন ব্যক্তি পানির ট্যাংক ভরছিলেন, আর তখনই ড্রোন হামলায় তিনি নিহত হন।

তিনি আরও জানান, অন্য একটি ঘটনায় আল-আবসি পরিবারের দুই ভাই আল-জালা রাস্তায় নিজেদের তাঁবুতে আশ্রয় নেওয়া অবস্থায় নিহত হন। এই সাংবাদিক জানান, গাজার কোথাও এখন আর নিরাপদ নয়। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের ফলে অন্তত ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে জাতিসংঘ অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও তাঁবু পাঠানোর আহ্বান জানিয়েছে।

ইউনিসেফের তথ্যমতে, সাম্প্রতিক দিনগুলোতে ভারী বৃষ্টিপাতের ফলে গাজায় অন্তত ১ লাখ ৬ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের হাজার হাজার তাঁবু পানির নিচে তলিয়ে গেছে এবং ক্যাম্পগুলোতে শৌচাগার উপচে পড়ছে। বিভিন্ন এনজিও ও স্থানীয় সংস্থা জানিয়েছে, এই সংকট মোকাবিলা করার মতো প্রয়োজনীয় সম্পদ বা সক্ষমতা তাদের নেই, কারণ ইসরায়েল এখনো জরুরি ত্রাণ সামগ্রী প্রবেশের ওপর বিধিনিষেধ বজায় রেখেছে।

জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ যেন তাঁবুগুলো নিয়ে আসার অনুমতি দিয়ে সহযোগিতা করে। তিনি আরও বলেন, কেবল অর্থায়নই যথেষ্ট নয়, এই ত্রাণ সামগ্রী ভেতরে পৌঁছানোর জন্য তাদের অনুমতিরও প্রয়োজন রয়েছে। গাজায় ত্রাণ সহায়তা পৌঁছানোর বিষয়টি সমর্থনকারী কয়েকটি দেশ জানিয়েছে, শীতকালীন সামগ্রী পাঠানোর জন্য ইসরায়েলে নতুন সরকার গঠিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল টম ফ্লেচার এ কথা জানিয়েছেন।

এক বিবৃতিতে ফ্লেচার বলেন, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তারা বারবার বলেছেন, ইসরায়েলে নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো অগ্রগতি হওয়া কঠিন। এখন আমাদের বলা হচ্ছে, সরকার গঠিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। তিনি আরও বলেন, এটি কোনো গ্রহণযোগ্য অজুহাত হতে পারে না। এ সময় তিনি আন্তর্জাতিক আইনের প্রসঙ্গ টেনে বিলম্ব, ত্রাণ প্রবেশে বাধা এবং তহবিল হ্রাসের ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করেন।

এদিকে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বুধবার জানিয়েছেন, গাজা উপত্যকায় বন্যার পরিপ্রেক্ষিতে সেখানে জরুরি সহায়তা প্রদানের লক্ষ্যে রোম ৫০ লাখ ইউরো (৫৫ লাখ মার্কিন ডলার) মূল্যের একটি নতুন জরুরি উদ্যোগ গ্রহণ করেছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’-কে বুধবার চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চালানো গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬৫৩ জনে দাঁড়িয়েছে। গত তিন বছরে আরও ১ লাখ ৭৬ হাজার ৭ ফিলিস্তিনি আহত হয়েছেন।

২০২৫ সালের ১১ অক্টোবর গাজায় ‘যুদ্ধবিরতি’ চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৬২২ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৭৮ জন আহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা।