১২ জুলাই, ২০২২
ঈদ কিংবা সরকারি ছুটিতে রাজধানীর শাহবাগে অবস্থিত শিশু পার্কে শিশু-কিশোরদের উপস্থিতি থাকত চোখে পড়ার মতো। কিন্তু ২০১৯ সালের পর থেকেই সেই চিত্র পাল্টে গেছে। সংস্কারকাজের জন্য বন্ধ রয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ এ শিশু পার্কটি। দীর্ঘ তিন বছর যাবত শিশু পার্কটি বন্ধ থাকলেও রাজধানীর অনেক বাসিন্দা বিষয়টি সম্পর্কে অবগত নন! তারই প্রমাণ পাওয়া গেল আজ।
ঈদুল আজহার ছুটিতে পরিবারের শিশুদের নিয়ে পার্কে আসেন অনেকেই। কিন্তু পার্কটি বন্ধ দেখে হতাশ তারা। উপায় না থাকায় বাধ্য হয়ে বাড়িতে চলে যান অনেকেই, আবার কেউ কেউ রমনা পার্কে গিয়ে সময় কাটান। সোমবার বিকেলে রাজধানীর শাহবাগ ও রমনা এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।