০৫ নভেম্বর, ২০২২
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে এখন ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু আগামী ডিসেম্বরে আর ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “ডিসেম্বরে খেলা হবে, প্রস্তুত হয়ে যান। ডিসেম্বরে রাজপথ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে থাকবে, বিএনপির থাকবে না।
শনিবার রাজধানীর মধ্যবাড্ডা ইউলুপের সামনের প্রধান সড়কে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান। তত্ত্বাবধায়ক সরকার আদালত বাতিল করে দিয়েছেন। এই তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া ও একেএম রহমতউল্লাহ এমপি।