০১ সেপ্টেম্বর, ২০২৩
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের গোলকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ (৪২) ওই গ্রামের ওমর আলীর ছেলে। তিনি নিত্যানন্দপুর ইউনিয়নের আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন।
স্থানীয়রা জানায়, নিত্যানন্দপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মফিজ উদ্দিন বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েক দিন ধরে এলাকায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জেরে শুক্রবার দুপুরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই আবু সাঈদ নিহত হন। আহত হন উভয়পক্ষের অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।