০৫ জানুয়ারী, ২০২৪
চরফ্যাশনে গাছ কাটতে গিয়ে গাছের চাপা পড়ে মো. মন্নান (৪৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রহমান আলী মাঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক মন্নান একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও কাঞ্চন বেপারীর ছেলে।
গাছের মালিক আলামিন জানান, শুক্রবার দুপুরে তার বাড়ির একটি রেইনট্রি গাছ কাটতে মন্নান ও আরো দুই শ্রমিকসহ রেইনট্রি গাছটি কাটতে ছিলো। এসময় গাছের আশপাশে আরো অন্যান্য গাছ থাকায় তারা গাছটি পুরোপুরি না কেটে গাছের মাথায় দড়ি বেধে গাছটি ফাঁকা জায়গায় ফেলতে চেয়েছিলো। কিন্তু দূর্ভাগ্য বসত গাছটি মন্নানের মাথায় চাপা পড়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।