০৫ জানুয়ারী, ২০২৪
নড়াইলের লোহাগড়া উপজেলায় সেপটিক ট্যাংক থেকে আম্বিয়া খাতুন (৫৭) নামে এক অবিবাহিত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মধ্যপাড়া থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ। আম্বিয়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের হবিবর মোল্যার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে দিকে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের রাজ্জাক মোল্যার বাড়িতে থাকা টয়েলেট এর সেপটিক ট্যাংকে ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা লাঠি, টর্চ লাইট ও জুতা উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আম্বিয়া কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই গ্রামের রাজ্জাক মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে (৩২) আটক করেছে।
এ ঘটনার দুবছর পূর্বে সাব্বির মোল্যা তার আপন মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। দীর্ঘদিন জেলহাজতে থাকার পর সম্প্রতি সাব্বির জামিনে মুক্ত পেয়ে বাড়ি ফিরে আসে।
বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাব্বির মোল্যা নামে একজনকে আটক করা হয়েছে।