২১ সেপ্টেম্বর, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্ত বিভাগ ও আন্ত হল ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
পাঁচ সদস্যের তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনকে। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের উপপরিচালক রাজিবুল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এস এম শরফরাজ নওয়াজ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
এর আগে সোমবার সকাল ১১টার দিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। খেলার শেষ মুহূর্তে বল থ্রো-ইন নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোঁটা ও চেয়ার নিয়ে উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যে মারামারি শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হন।
এরপর বেলা ২টার দিকে পরবর্তী ম্যাচে বায়োমেডিকেল ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের মধ্যেও মারামারির ঘটনা ঘটে। এতে একজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ফুটবল খেলা সাময়িকভাবে স্থগিত করে।