চুয়েটের নতুন ভিসি অধ্যাপক শরীফুল আলম

২১ সেপ্টেম্বর, ২০২৬

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক উপউপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। দীর্ঘদিন কুয়েটে শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালনের পর এবার যে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, সেই চুয়েটের নেতৃত্বে বসছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি চুয়েটের ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

কুয়েট সূত্রে জানা যায়, অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ২০২৪ সালের ৪ ডিসেম্বর কুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি কুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

২০০৪ সালে কুয়েটে প্রভাষক হিসেবে যোগ দিয়ে তার শিক্ষকতা জীবনের শুরু।

পরে ২০০৭ সালে সহকারী অধ্যাপক, ২০১৫ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

অধ্যাপক ড. শরীফুল আলমের সঙ্গে চুয়েটের সম্পর্কও পুরনো। ২০০৩ সালে তিনি চুয়েট থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন এবং প্রথম শ্রেণিতে প্রথম হন।

উচ্চশিক্ষায় তিনি ইতালি ও ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা ও গবেষণা করেছেন। ২০১০ সালে ইতালির ইউনিভার্সিটি অব ত্রেন্তো থেকে এমএসসি এবং ২০১৪ সালে ইউনিভার্সিটি অব জেনোয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত পোল্যান্ডের ওয়ারশতে নিকোলাস কোপার্নিকাস অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারে পোস্টডক্টরাল ফেলো হিসেবে কাজ করেন।

গবেষণার ক্ষেত্রেও তার উল্লেখযোগ্য কাজ রয়েছে। তার ৪২টির বেশি গবেষণাপত্র দেশ-বিদেশের বিভিন্ন জার্নাল ও আন্তর্জাতিক সেমিনারে প্রকাশিত হয়েছে বলে তিনি কালের কণ্ঠকে জানিয়েছেন।