☰
✕

ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

২৫ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের সিংড়ায় ঈদগাহ মাঠের জমি মাপজোক ও দখলকে কেন্দ্র করে পাছলাড়ুয়া ও নতুনবস্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রামের প্রায় ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাছলাড়ুয়া ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাহ মাঠের জমি মাপজোক ও দখলকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠি ও হাসুয়া দিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে কয়েকজনের মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

আহতদের নাটোর জেনারেল হাসপাতাল ও সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের ভেতরে তিনজনে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।