☰
✕

ফরিদপুরে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

২৬ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে সুমাইয়া আক্তার (১০) নামক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডের হাজরাহাটি মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই মহল্লার বিদ্যুৎ মিস্ত্রি শামীম শেখের মেয়ে ও হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।  

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সুমাইয়া ও প্রতিবেশি আরেক শিশু নুরুন্নাহার ডোঙ্গা নিয়ে বাড়ির সামনের মাঠে জমে থাকা পানিতে গোসল করতে যায়।

 একপর্যায়ে অসাবধানতাবশত সুমাইয়া ডোঙ্গা থেকে পানিতে পড়ে ডুবে যায়। পরে তার সাথে থাকা নুরুন্নাহার বাড়িতে এসে ঘটনাটি জানালে বাড়ির লোকজন ও প্রতিবেশিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তাকে পানি থেকে উদ্ধার করে। এরপর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওমর আলী খয়রাতি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।