☰
✕

৯৯ টাকায় ‘আনলিমিটেড ফুচকা’ বিক্রির বিজ্ঞাপনে প্রতারণা

২৯ সেপ্টেম্বর, ২০২৬

চটকদার বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা, মূল্যতালিকা প্রদর্শন না করা, বিদেশি পণ্যে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ না থাকা এবং জন্মদিনের কেকে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ফুচকা, মিষ্টি, কনফেকশনারি ও শিশু খাদ্য বিক্রির বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় একটি প্রতিষ্ঠানে ৯৯ টাকায় ‘আনলিমিটেড ফুচকা’ বিক্রির বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণার প্রমাণ পাওয়া যায়। এছাড়া মিষ্টির মূল্যতালিকা প্রদর্শন না করা, বিদেশি পণ্যে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকা এবং জন্মদিনের কেকে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকাসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

পরে অনিয়মের দায়ে ‘দ্য প্রিমিয়াম স্ট্রিট ফুড বাই পিহু’কে ২ হাজার টাকা, ‘প্রিমিয়াম সুইটস’কে ২০ হাজার টাকা এবং ‘পিপাসা কনফেকশনারি’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করা এবং ভেজাল ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।