☰
✕

মুখের জ’লাইন শার্প করতে ভাইরাল ড্রাই ব্রাশিং, কতটা কার্যকর?

৩০ সেপ্টেম্বর, ২০২৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌন্দর্যচর্চার নতুন নতুন কৌশল প্রায়ই ভাইরাল হয়। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ফেস ড্রাই ব্রাশিং।

মুখের ত্বকে শুকনো ও নরম ব্রাশ দিয়ে হালকা করে ঘষে অনেকেই দাবি করছেন, এতে ত্বক উজ্জ্বল হওয়ার পাশাপাশি মুখের জ’লাইনও আরো স্পষ্ট দেখায়। তবে প্রশ্ন হলো, সত্যিই কি এই পদ্ধতিতে জ’লাইন শার্প করা সম্ভব?

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন এ তথ্য দেয়।

ফেস ড্রাই ব্রাশিং কী?

ফেস ড্রাই ব্রাশিং হলো শুকনো ও নরম ব্রাশ দিয়ে মুখের ত্বকে আলতোভাবে ব্রাশ করার একটি পদ্ধতি। এতে ত্বকের মৃত কোষ দূর হয় এবং রক্তসঞ্চালন কিছুটা বাড়তে পারে।

ভারতের বেঙ্গালুরুর অ্যাস্টার সিএমআই হাসপাতালের ডার্মাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসক শিরিন ফুর্তাদোর মতে, এই পদ্ধতি সহজ এবং বাড়িতে করা যায় বলেই এর জনপ্রিয়তা বাড়ছে।

 

অনেকে মনে করেন, নিয়মিত ড্রাই ব্রাশিং করলে ত্বক মসৃণ ও উজ্জ্বল দেখায়। হালকা ফোলাভাবও কিছুটা কমতে পারে।

জ’লাইন কি সত্যিই শার্প হয়?

এখানেই সবচেয়ে বেশি ভুল ধারণার সুযোগ রয়েছে।

চিকিৎসকের মতে, ফেস ড্রাই ব্রাশিং দিয়ে স্থায়ীভাবে মুখের জ’লাইন শার্প করা যায় না।

জ’লাইনের গঠন মূলত মুখের হাড়ের গঠন, পেশির টোন এবং শরীরে জমা চর্বির ওপর নির্ভর করে। ড্রাই ব্রাশিং সাময়িকভাবে মুখের ফোলাভাব কমাতে পারে এবং ত্বক কিছুটা টানটান দেখাতে পারে। ফলে জ’লাইন সাময়িকভাবে একটু বেশি স্পষ্ট মনে হতে পারে।

তবে এর প্রভাব হালকা এবং স্থায়ী নয়।

ভুলভাবে করলে হতে পারে সমস্যা

ফেস ড্রাই ব্রাশিং সবার জন্য উপযোগী নয়। শক্ত ব্রাশ ব্যবহার বা বেশি চাপ দিয়ে ঘষলে ত্বকে লালচে ভাব, জ্বালাপোড়া ও শুষ্কতা দেখা দিতে পারে।

বিশেষ করে সংবেদনশীল ত্বকে অতিরিক্ত ব্রাশিং ত্বকের স্বাভাবিক সুরক্ষা স্তর বা স্কিন ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত করতে পারে। এতে ত্বকে জ্বালা, চুলকানি বা ব্রণ বাড়তে পারে।

যাদের অ্যাকনে, একজিমা, রোসেশিয়া বা মুখে খোলা ক্ষত রয়েছে, তাদের এই পদ্ধতি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অপরিষ্কার ব্রাশ ব্যবহার করলেও ত্বকে জীবাণু ছড়িয়ে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

 

করলে যেভাবে করবেন

ফেস ড্রাই ব্রাশিং করতে হলে মুখ পরিষ্কার ও পুরোপুরি শুকনো রাখতে হবে। শুধু মুখের জন্য তৈরি নরম ব্রাশ ব্যবহার করা উচিত।

ঘাড় থেকে শুরু করে জ’লাইন, গাল ও কপালের দিকে খুব হালকা হাতে ওপরের দিকে ও বাইরের দিকে ব্রাশ করার পরামর্শ দেওয়া হয়। চোখের চারপাশ, ব্রণ, ক্ষত বা ইরিটেট অংশ এড়িয়ে চলতে হবে।

একবারে এক থেকে দুই মিনিটের বেশি ব্রাশ না করাই ভালো। সপ্তাহে দুই থেকে তিনবারের বেশি করার প্রয়োজন নেই।

 

এরপর মুখ ধুয়ে ময়েশ্চারাইজার বা ত্বক শান্ত রাখে এমন কোনো স্কিনকেয়ার পণ্য ব্যবহার করা যেতে পারে।

অর্থাৎ ফেস ড্রাই ব্রাশিং ত্বক মসৃণ ও সাময়িকভাবে সতেজ দেখাতে সাহায্য করতে পারে। কিন্তু এটিকে জ’লাইন শার্প করার স্থায়ী উপায় হিসেবে দেখার কারণ নেই। বরং সংবেদনশীল ত্বকে অতিরিক্ত ব্যবহার করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে।