০৪ অক্টোবর, ২০২৬
বগুড়ায় ১৮ বোতল নিষিদ্ধ কোডিন ফসফেটযুক্ত মাদক ফেয়ারডিলসহ অনিতা রানী ঘোষ (৩১) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (৩ অক্টোবর) রাতে সদর উপজেলার বারোপুর সোনারপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অনিতা রানী বগুড়া সদর উপজেলার সেউজগাড়ী এলাকার রাজিউলের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, হিলি থেকে মাদকদ্রব্যের একটি চালান বগুড়ায় পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে বারোপুর সোনারপাড়া গ্রামে অভিযান চালায় ডিএনসি।
নামুজা থেকে বারোপুরগামী পাকা রাস্তার ওপর একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় অটোরিকশার পেছনের সিটে বসা যাত্রী অনিতা রানী ঘোষের সঙ্গে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করে ১৮ বোতল ফেয়ারডিল এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি রেডমি নোট ১৩ মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার অনিতা স্বীকার করেছেন, বিক্রির উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকা হিলি থেকে তিনি এ মাদকের চালান সংগ্রহ করে বগুড়ায় নিয়ে আসছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক জিললুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এমন অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, এই চালানের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।