☰
✕

ডালিম খেলে যাদের হতে পারে সমস্যা

০৪ অক্টোবর, ২০২৬

ডালিম বা বেদানা দেখলেই অনেকের চোখে ভেসে ওঠে টক-মিষ্টি স্বাদের রসালো দানা।পুষ্টিগুণের কারণেও ফলটি বেশ জনপ্রিয়। এতে রয়েছে ফাইবার ও নানা ধরনের উদ্ভিজ্জ যৌগ, আর ডালিমের রস নিয়ে রক্তচাপসহ কিছু স্বাস্থ্যগত বিষয়ে গবেষণাও হয়েছে।

তবে স্বাস্থ্যকর বলেই যে সবার জন্য সব পরিস্থিতিতে এটি একইভাবে উপকারি হবে না।

বিশেষ কিছু শারীরিক সমস্যা বা নির্দিষ্ট ওষুধ সেবনের ক্ষেত্রে ডালিম খাওয়ার আগে সতর্ক থাকতে হবে।

যাদের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কম

ডালিমের রস রক্তচাপ কমাতে ভূমিকা রাখতে পারে।। তাই যাদের রক্তচাপ এমনিতেই কম থাকে, তারা নিয়মিত বা বেশি পরিমাণে ডালিমের রস খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারেন। বিশেষ করে রক্তচাপ কমানোর ওষুধও যদি চলতে থাকে, তখন বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা দরকার।

যারা নির্দিষ্ট কিছু ওষুধ খান

ডালিম কিছু ওষুধের কার্যকারিতা বা শরীরে ওষুধের বিপাক প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করা হয়। বিশেষ করে রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফারিন গ্রহণকারীদের ডালিমের রস নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

তাই নিয়মিত ওষুধ চললে নিজের মতো করে ডালিমের রসকে প্রতিদিনের অভ্যাস বানানোর আগে চিকিৎসকের সঙ্গে কথা বলাই নিরাপদ।

যাদের অস্ত্রোপচার সামনে

অস্ত্রোপচারের আগে যেকোনো খাবার বা সাপ্লিমেন্টের প্রভাব নিয়ে চিকিৎসকের নির্দেশ মেনে চলা জরুরি। ডালিম রক্তচাপ বা ওষুধের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে কি না, তা ব্যক্তিভেদে আলাদা হতে পারে। তাই অস্ত্রোপচারের আগে নিয়মিত ডালিম বা এর রস খেলে চিকিৎসককে বিষয়টি জানিয়ে দেওয়া ভালো।

বিশেষ করে ডালিমের নির্যাস বা সাপ্লিমেন্টের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন; এগুলো সাধারণ ফল খাওয়ার সমান বিষয় নয়।

যাদের হজমের সমস্যা আছে

ডালিমে ফাইবার থাকায় পরিমাণ বেশি হয়ে গেলে কারও কারও পেটে অস্বস্তি হতে পারে। ডালিমের রসের ক্ষেত্রেও কিছু মানুষের ডায়রিয়া বা পেটের সমস্যা হতে পারে। তাই আগে থেকেই হজমের সমস্যা থাকলে অল্প পরিমাণে খেয়ে শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করা ভালো।

যাদের খাবারে অ্যালার্জির প্রবণতা রয়েছে

যাদের তীব্র অ্যালার্জির প্রবণতা রয়েছে, ডালিম খেলে তাদের শরীরে নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে। এর ফলে ত্বকে চুলকানি, লাল চাকা হওয়া, ফুলে যাওয়া বা শ্বাসকষ্টের মতো অ্যালার্জিক লক্ষণ দেখা দিতে পারে। খাওয়ার পর চুলকানি, ত্বকে লালচে দাগ, ঠোঁট বা মুখ ফুলে যাওয়া কিংবা শ্বাস নিতে কষ্টের মতো উপসর্গ দেখা দিলে আর না খেয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

কাশির সমস্যায় ভুগছেন যারা

ডালিমের স্বভাব ঠান্ডা হওয়ায় এটি শরীরে কফ বা শ্লেষ্মা বাড়িয়ে দিতে পারে। তাই যাদের ঠান্ডা, তীব্র কাশি বা ইনফ্লুয়েঞ্জার মতো সমস্যা রয়েছে, তাদের সাময়িকভাবে ডালিম বা এর রস খাওয়া থেকে বিরত থাকাই ভালো।

শরীরে আগে থেকেই কোনো সমস্যা থাকলে বা নিয়মিত ওষুধ চললে ‘স্বাস্থ্যকর ফল’ ভেবে বেশি খাওয়ার প্রয়োজন নেই। নিজের শারীরিক পরিস্থিতি বুঝে পরিমাণ ঠিক করা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো।