০৮ অক্টোবর, ২০২৬
গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় টানা দেড় ঘণ্টার বৃষ্টি ও ঝোড়ো বাতাসে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। হঠাৎ বৃষ্টি ও বাতাসে মাঠের বিভিন্ন ফসল নুয়ে পড়েছে এবং কোথাও কোথাও জমিতে পানি জমে গেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা বৃষ্টি ও বাতাসে কৃষকের রোপণ ও পরিচর্যা করা ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
কৃষকরা জানান, দীর্ঘদিনের পরিশ্রম ও অর্থ ব্যয় করে তারা ফসল আবাদ করেছেন। ফসল ঘরে তোলার সময় যতই ঘনিয়ে আসছিল, ততই আশায় বুক বাঁধছিলেন তারা। কিন্তু হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো বাতাসে অনেক জমির ফসল ক্ষতির মুখে পড়েছে।
কৃষকরা বলেন, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হলে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের আরও ক্ষতি হতে পারে। এতে কৃষকদের আর্থিক লোকসানের আশঙ্কাও রয়েছে। প্রকৃতির এমন বিরূপ আবহাওয়ায় কৃষকের চোখে এখন অনিশ্চয়তা। মাঠে পড়ে থাকা ফসলের দিকে তাকিয়ে যেন পানিতে ভাসতে দেখা যাচ্ছে তাদের মাসের পর মাসের শ্রম, স্বপ্ন ও প্রত্যাশা।
এ বিষয়ে গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তারের উপসহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, বৃষ্টিতে জেলার মোট কত হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে তা মাঠ পর্যায়ে খতিয়ে দেখা হচ্ছে। আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের তালিকা করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, তবে পানি নেমে গেলে তেমন ক্ষয়-ক্ষতি হবে না বলে জানান তিনি।