☰
✕

কলার মোচা দিয়ে তৈরি করুন সুস্বাদু চপ

১০ অক্টোবর, ২০২৬

কলার মোচা দিয়ে নানা পদ রান্না করা যায়। তবে চেনা স্বাদের বাইরে একটু ভিন্ন কিছু খেতে চাইলে বানিয়ে নিতে পারেন কলার মোচার চপ।বিকেলের নাশতা কিংবা অতিথি আপ্যায়নে এই পদ হতে পারে দারুণ পছন্দ। বাইরের আবরণ হবে মুচমুচে, আর ভেতরে থাকবে মসলার মাখামাখি কলার মোচার পুর। সহজ কিছু উপকরণেই ঘরে তৈরি করে নিতে পারেন সুস্বাদু এই চপ, যা ছোট-বড় সবারই ভালো লাগবে।

আসুন জেনে নেওযা যাক কলার মোচা দিয়ে কীভাবে চপ বানাবেন-

উপকরণ

কলার মোচা ১টি

সিদ্ধ আলু ৩-৪টি

কাঁচা মরিচ বাটা ১ চা চামচ

হলুদ গুঁড়া ১ চা চামচ

শুকনা মরিচ ২টি

জিরা ১ চা চামচ

তেজপাতা ১টি

এলাচ ২টি

দারুচিনি ২ টুকরো

আদা বাটা ২ টেবিল চামচ

গরম মসলা গুঁড়া আধা চা চামচ

চিনি আধা চা চামচ

ব্রেডক্রাম্ব বা টোস্ট বিস্কুটের গুঁড়া প্রয়োজনমতো

ময়দা ও কর্ণফ্লাওয়ার ব্যাটার তৈরির জন্য

লবণ স্বাদমতো

তেল পরিমাণমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে কলার মোচা ভালো করে পরিষ্কার করে ভেতরের শক্ত ডাঁটা বা নাল ফেলে দিন। এরপর সামান্য হলুদ ও লবণ দিয়ে মোচা সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন।

এবার শুকনা মরিচ, জিরা, তেজপাতা, এলাচ ও দারুচিনি একটি কড়াইয়ে শুকনো ভেজে গুঁড়া করে নিন। অন্য একটি কড়াইয়ে সামান্য তেল গরম করে আদা ও কাঁচা মরিচ বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন।

এরপর সেদ্ধ করা কলার মোচা, হলুদ, লবণ, সামান্য চিনি ও ভাজা মসলার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণ থেকে অতিরিক্ত পানি শুকিয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে চটকে রাখা আলু দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর মিশ্রণটি ঠান্ডা হতে দিন।

মিশ্রণ ঠান্ডা হলে হাতের তালুতে সামান্য তেল মেখে অল্প অল্প করে নিয়ে গোল বা চপের আকারে গড়ে নিন। অন্য একটি বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার ও সামান্য পানি মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করুন। এবার গড়ে রাখা চপগুলো প্রথমে ব্যাটারে ডুবিয়ে, পরে ব্রেডক্রাম্বে বা টোস্টে বিস্কুটের গুঁড়ায় ভালো করে গড়িয়ে নিন।

সবশেষে কড়াইয়ে ডুবো তেল গরম করে মাঝারি আঁচে চপগুলো সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হলে গরম গরম কাসুন্দি বা টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করুন।